রৌমারী সীমান্তে বিএসএফের পুশইন: তিন ভারতীয় নাগরিক বিজিবির হেফাজতে
কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্ত দিয়ে তিন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করার খবর পাওয়া গেছে। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৯-এর কাছ দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে পাঠায়। পুশইনকৃতদের মধ্যে আয়েশা খাতুন নামে এক নারী এবং রুস্তম আলী ও ইদ্রিস আলী নামে দুইজন পুরুষ রয়েছেন। তারা সবাই ভারতের আসাম রাজ্যের নগাঁও জেলার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বাংলাদেশে প্রবেশের পর তারা সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে বাগেরহাট বাজার এলাকায় অবস্থান করছিলেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) খবর দেয়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেন। গয়টাপাড়া বিওপির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মানিক জানিয়েছেন, বর্তমানে ওই তিন নাগরিক বিজিবি ক্যাম্পে রয়েছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।