নির্বাচনী লড়াইয়ে তারেক রহমান: ঢাকা-১৭ আসন থেকে লড়ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) সকালে তারেক রহমানের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। একই সঙ্গে তারেক রহমান ও তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির কাজ সম্পন্ন হয়েছে বলে নির্বাচন কমিশনের এনআইডি উইং নিশ্চিত করেছে।
বর্তমানে নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করার প্রক্রিয়াটি প্রক্রিয়াধীন রয়েছে। গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হতে তারা আবেদন করেছেন। আজ নির্বাচন কমিশনের সভায় অনুমোদনের পরই ভোটার তালিকায় তাদের নাম আনুষ্ঠানিকভাবে উঠবে। এরপর মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য তারা আরও একদিন সময় পাবেন। সপরিবারে দেশে ফেরার পর তারেক রহমানের নির্বাচনে অংশগ্রহণের এই প্রক্রিয়াটি রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে।