বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিএনসিপিতে বড় ভাঙন: তাজনূভা জাবীনের পদত্যাগ

এনসিপিতে বড় ভাঙন: তাজনূভা জাবীনের পদত্যাগ

favicon
ভোরের আলো ডেস্ক:
এনসিপিতে বড় ভাঙন: তাজনূভা জাবীনের পদত্যাগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা ও জোট গঠনের প্রক্রিয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির প্রতিষ্ঠাতা সদস্য ও যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন। আজ রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ ও আবেগঘন পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। এনসিপি থেকে এটি তৃতীয় বড় পদত্যাগ; এর আগে দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং জামায়াতবিরোধী হিসেবে পরিচিত নেতা মীর আরশাদুল হকও দল ছেড়েছেন।


তাজনূভা জাবীন তার পোস্টে অভিযোগ করেন, জামায়াতের সঙ্গে এই জোট কোনো তাৎক্ষণিক রাজনৈতিক কৌশল নয়, বরং এটি একটি ‘পরিকল্পিত মাইনাস পলিটিক্স’। তিনি জানান, সারা দেশ থেকে ১২৫ জনকে মনোনয়নপত্র সংগ্রহের ডাক দিলেও শেষ মুহূর্তে মাত্র ৩০টি আসনে সমঝোতা করে বাকিদের নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টিকে এমনভাবে শেষ সময় পর্যন্ত টেনে নেওয়া হয়েছে যাতে বঞ্চিত প্রার্থীরা স্বতন্ত্র নির্বাচন করার সুযোগও না পান। তিনি আরও উল্লেখ করেন, এনসিপি যে মধ্যপন্থা, নারী অধিকার ও জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণের কথা বলেছিল, বর্তমানে দলের শীর্ষ নেতৃত্ব তার চরম বিরোধী কাজ করছেন।


তিনি স্পষ্ট ভাষায় বলেন, “যাদের কল্যানে এমপি হওয়ার জন্য নেতারা হাভাইত্তার মতো করছেন, তাদের নেতৃত্ব মানা আমার পক্ষে অসম্ভব।” তিনি আরও অভিযোগ করেন যে, এনসিপির শীর্ষ নেতারা নিজেদের মধ্যে দলাদলি ও ‘মাইনাস পলিটিক্স’ নিয়ে এতই ব্যস্ত যে তারা দেশের জন্য নতুন ধারার রাজনীতি করতে অক্ষম। একই সঙ্গে তিনি সমর্থকদের কাছ থেকে নেওয়া নির্বাচনী অনুদানের টাকা ধাপে ধাপে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং দেশের গণতান্ত্রিক পরিবর্তনের জন্য কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।