ফেনী-৩ আসনে এনসিপি প্রার্থী আবুল কাশেমের সরে দাঁড়ানোর ঘোষণা, রাজনৈতিক অঙ্গনে আলোচনা
ফেনী-৩ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য পদপ্রার্থী আবুল কাশেম দলটির সব পদ ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। নীতিগত কারণেই তিনি দল ত্যাগ ও নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
রোববার (২৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। তাঁর এই সিদ্ধান্তের পর ফেনীর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ফেসবুক পোস্টে আবুল কাশেম লেখেন, “নীতিগত কারণে আমি জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ এবং নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রিয় ফেনী-৩ এর এলাকাবাসী, আমার সালাম গ্রহণ করবেন। আজ আপনাদের জানাতে চাই, আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে অংশ নিচ্ছি না এবং একই সঙ্গে দল থেকেও পদত্যাগ করেছি।”
তিনি আরও জানান, সম্প্রতি এনসিপি যে রাজনৈতিক সমঝোতা ও অবস্থান গ্রহণ করেছে, তা তাঁর ব্যক্তিগত রাজনৈতিক দর্শন ও নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সে কারণেই পারস্পরিক সম্মানের ভিত্তিতে দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আবুল কাশেম বলেন, “এই সিদ্ধান্ত কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে অভিযোগ নয় এবং কোনো ধরনের বিরোধের ফলও নয়। মতাদর্শগত ভিন্নতার কারণে আলাদা হওয়াকেই আমি সঠিক ও দায়িত্বশীল পথ বলে মনে করেছি।”
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির ফেনী জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত বলেন, “বিষয়টি সম্পর্কে আমি এখনো অবগত নই। আমাদের কাছে তাঁর কোনো লিখিত পদত্যাগপত্র পৌঁছায়নি। জামায়াতের সঙ্গে যদি রাজনৈতিক জোট চূড়ান্ত হয়, তাহলে ফেনীর কোনো আসনে এনসিপির আলাদা প্রার্থিতা থাকার কথা নয়। সে ক্ষেত্রে জোটের প্রার্থীই আমাদের প্রার্থী হিসেবে বিবেচিত হবে।”