বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিখালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির ৭ দিনের শোক কর্মসূচি ঘোষণা

খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির ৭ দিনের শোক কর্মসূচি ঘোষণা

favicon
ভোরের আলো ডেস্ক:
খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির ৭ দিনের শোক কর্মসূচি ঘোষণা

আপসহীন নেত্রী, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনব্যাপী শোক পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।


মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।


সংবাদ সম্মেলনে রিজভী বলেন, “গণতন্ত্রের মা, বারবার হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের অবিসংবাদিত নেত্রী, মানুষের নাগরিক অধিকার, বাকস্বাধীনতা ও ব্যক্তিস্বাধীনতা রক্ষায় আপসহীন এক কিংবদন্তিতুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন।”


তিনি বলেন, এই হৃদয়বিদারক ও মর্মস্পর্শী মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। দেশবাসী, দলের সর্বস্তরের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনকে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করার আহ্বান জানান তিনি।


রুহুল কবির রিজভী আরও জানান, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি সাত দিনব্যাপী শোক পালন করবে। এই সময়ে কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে এবং দলের সব স্তরের নেতাকর্মীরা কালো ব্যাচ ধারণ করবেন।


তিনি বলেন, সাত দিনব্যাপী প্রতিটি দলীয় কার্যালয়ে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পাশাপাশি কেন্দ্রীয়ভাবে গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয়, নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় এবং জেলা কার্যালয়গুলোতে শোক বই খোলা হবে। সেখানে গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মন্তব্য লিখে স্বাক্ষর করবেন।