খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনীতিতে অপূরণীয় শূন্যতা: মির্জা ফখরুল
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনীতিতে বিশাল ও অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্রের মা, আমাদের জাতীয় অভিভাবক আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”
তিনি বলেন, এই শোক ভাষায় প্রকাশ করার মতো নয় এবং এটি কোনোভাবেই পূরণযোগ্য নয়। যে নেত্রী তার পুরো জীবন জনগণের অধিকার আদায় ও কল্যাণে উৎসর্গ করেছিলেন, সেই নেত্রী আজ আর আমাদের মাঝে নেই। বিষয়টি মেনে নেওয়া আমাদের জন্য অত্যন্ত কষ্টকর।
বিএনপি মহাসচিব আরও বলেন, “আজ বাংলাদেশের রাজনীতিতে শুধু নয়, গণতান্ত্রিক আন্দোলনেও একটি বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছে।”