খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে বিএনপিতে শোক ও কোরআন খতম, সাত দিনব্যাপী শোক ঘোষণা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীরা শোকাহত হয়েছেন। অনেককেই কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে। খালেদা জিয়ার মৃত্যুতে কোরআন খতমও শুরু হয়েছে। দলীয় কার্যালয়ের নিচতলায় ওলামারা সকাল ১০টা থেকে কোরআন খতম পরিচালনা করছেন এবং এটি জানাজার দিন পর্যন্ত চলবে।
দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। এছাড়া বিএনপি সাত দিনব্যাপী শোক পালনের ঘোষণা দিয়েছে। শোকের সময়ে সব জেলা-উপজেলা কার্যালয়ে কালো পতাকা উত্তোলন হবে এবং নেতাকর্মীরা কালো ব্যাজ পরবেন।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে শোকবই খোলা হবে, যেখানে সবাই শোক ও সমবেদনা জানাতে পারবেন। এছাড়া দোয়া ও কোরআন খতম কর্মসূচি দেশের বিভিন্ন স্থানে পালিত হবে।