কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এনসিপির হাসনাত আবদুল্লাহ
স্থাবর-অস্থাবর ও বার্ষিক আয় মিলিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর মোট সম্পদ ৫০ লাখ টাকা। এছাড়া তার নামে ব্যাংকে ২৬ লাখ টাকার সোনা রয়েছে। ২০২৫-২০২৬ অর্থ বছরে তিনি বার্ষিক আয় দেখিয়েছেন ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা। তার নামে কোনো কৃষি জমি নেই।
হাসনাত আবদুল্লাহয়ের পিতা-মাতা, স্ত্রী ও সন্তান তার আয়ের ওপর নির্ভরশীল। গত সোমবার (২৯ ডিসেম্বর) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে অংশ নিতে দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রাকিবুল ইসলামের কাছে জমা দেওয়া মনোনয়নপত্রের হলফনামায় এসব তথ্য উল্লেখ করেছেন তিনি।
হলফনামায় তিনি আরও জানিয়েছেন, তার ১ লাখ টাকার আসবাবপত্র এবং ৬৫ হাজার টাকার বিভিন্ন ইলেকট্রনিক পণ্য রয়েছে। তার নামে কোনো মামলা বা অভিযোগ নেই। ব্যবসা প্রতিষ্ঠানে তার মূলধন ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা। পিতা-মাতা, স্ত্রী ও সন্তানের নামে ব্যাংক বা আর্থিক কোনো প্রতিষ্ঠানে তার কোনো ঋণ নেই। বর্তমানে তিনি ব্যবসা করছেন এবং তার স্ত্রী গৃহিনী।
হাসনাত আবদুল্লাহ এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি মনোনীত দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চারবার নির্বাচিত এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী।
দেবিদ্বার উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনটি ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত এবং এটি জাতীয় সংসদের ২৫২ নম্বর আসন। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১০ হাজার ৫৫৯। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৫ হাজার ২৩৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৫ হাজার ৩১৯ জন। ভোটগ্রহণ হবে ১১৬টি কেন্দ্রের ৭২৫টি কক্ষে।