বরগুনার আমতলীতে তুলার মিলে আগুন: পাঁচ দোকান ও দুই বাড়ি পুড়ে ছাই
বরগুনার আমতলী উপজেলার মানিকঝুড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান ও দুইটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়দের দাবি, ঝুট ব্যবসায়ী বশির খানের মালিকানাধীন তুলার মিল থেকেই আগুনের সূত্রপাত হয়।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ওই অগ্নিকাণ্ড ঘটে। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকান ও বাড়িতে, ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
জানা যায়, বশির খান গত তিন বছর ধরে মানিকঝুড়ি এলাকায় দেলোয়ার বিশ্বাসের একটি ঘর ভাড়া নিয়ে তুলা (ঝুট) ব্যবসা পরিচালনা করছিলেন। মঙ্গলবার রাতে হঠাৎ ওই ঘরে থাকা তুলার মিলে আগুন জ্বলে ওঠে। মুহূর্তেই আগুন ভয়াবহ রূপ নেয় এবং সেখানে থাকা তুলার মালামালসহ তিনটি ঝুট মেশিন সম্পূর্ণভাবে পুড়ে যায়।
খবর পেয়ে আমতলী ও কলাপাড়া ফায়ার সার্ভিসের ইউনিট, আমতলী থানার পুলিশ এবং নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আমতলী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ারহাউজ ইন্সপেক্টর মো. হানিফ জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাফর আরিফ চৌধুরী বলেন, খবর পেয়ে সহকারী পুলিশ সুপার, সহকারী কমিশনার (ভূমি) ও আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে অনুদান দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।