গোপালগঞ্জে তাপমাত্রা ৭.৫ ডিগ্রি: ঘন কুয়াশা ও প্রচণ্ড শীতে বিপর্যস্ত জনজীবন
গোপালগঞ্জে চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৬টায় জেলায় তাপমাত্রা নেমে আসে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে, যা এদিন সারাদেশের মধ্যে সর্বনিম্ন বলে নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর।
ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে জেলায় জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। সড়ক ও মহাসড়কে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। সকাল থেকে সূর্যের দেখা মেলেনি।
প্রচণ্ড ঠান্ডায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু ও বয়স্করা। ঠান্ডাজনিত নানা রোগ ও শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছেন বিভিন্ন বয়সী মানুষ। একই সঙ্গে শীতের প্রভাবে বোরো ধান রোপণ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, জেলায় বাতাসের আর্দ্রতা ৯৭ শতাংশ এবং কুয়াশার দৃশ্যমানতা কমে দাঁড়িয়েছে মাত্র ২০০ মিটারে। এমন পরিস্থিতি আরও অন্তত দুই দিন অব্যাহত থাকতে পারে, যদিও এর মধ্যে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে শীতের তীব্রতায় সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন ছিন্নমূল, দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। শীতবস্ত্রের অভাবে তাদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।