জামায়াত আমিরের বৈঠক নিয়ে সংবাদ শিরোনামে উদ্দেশ্যপ্রণোদিত উপস্থাপনার অভিযোগ সারজিস আলমের
ভারতের সঙ্গে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বৈঠক নিয়ে প্রকাশিত একটি সংবাদের শিরোনামকে প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন দলটির জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বৈঠকটি নিয়ে কিছু গণমাধ্যম বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত শিরোনাম ব্যবহার করেছে।
ফেসবুক পোস্টে সারজিস আলম লেখেন, ভারতীয় দুই কূটনীতিক জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শুরুতে বিষয়টি প্রকাশ্যে না আনার কথা বলেন। এ সময় জামায়াত আমির প্রতিউত্তরে জানান, দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হতেই পারে এবং এতে গোপনীয়তার কিছু নেই। ভবিষ্যতে এ ধরনের আলোচনা হলে তা প্রকাশ্যেই হওয়া উচিত বলেও তিনি মত দেন।
সারজিস আলম উল্লেখ করেন, এই বৈঠকের তথ্য জামায়াত আমির নিজেই আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। পরে সেটি দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। তবে কিছু মিডিয়া হাউজ বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করে ‘জামায়াত আমিরের সঙ্গে ভারতের গোপন বৈঠক’—এ ধরনের শিরোনাম দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও লেখেন, এ ধরনের উপস্থাপনাই দেশের গণমাধ্যমের একটি অংশের বাস্তব চিত্র তুলে ধরে। আগে যেসব মিডিয়া আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে কাজ করত, এখন তারা নতুন করে উদ্দেশ্যপ্রণোদিত অবস্থান খুঁজে নিচ্ছে বলেও মন্তব্য করেন এনসিপি নেতা।
এই বক্তব্যের মাধ্যমে সারজিস আলম গণমাধ্যমের দায়িত্বশীলতা ও শিরোনাম নির্বাচনে নিরপেক্ষতার ওপর গুরুত্বারোপ করেন।