বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিদেশবাসীর ভালোবাসায় শোক কাটিয়ে উঠছি, পুরো বাংলাদেশই আমার পরিবার: তারেক রহমান

দেশবাসীর ভালোবাসায় শোক কাটিয়ে উঠছি, পুরো বাংলাদেশই আমার পরিবার: তারেক রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
দেশবাসীর ভালোবাসায় শোক কাটিয়ে উঠছি, পুরো বাংলাদেশই আমার পরিবার: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশবাসীর অভূতপূর্ব ভালোবাসা ও সহমর্মিতায় নিকটজন হারানোর শূন্যতা অনেকটাই পেরিয়ে উঠেছেন তিনি। বৃহস্পতিবার সকাল ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অনুভূতির কথা জানান।


ফেসবুক পোস্টে তারেক রহমান লেখেন, গভীর শোক ও কৃতজ্ঞতার সঙ্গে তিনি তাঁর মা, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছেন। মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।


তিনি বলেন, এই কঠিন সময়ে দেশের মানুষের ব্যাপক উপস্থিতি ও ভালোবাসা তাঁকে একাকিত্বে ভুগতে দেয়নি। অগণিত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের সম্মান ও সহমর্মিতায় তিনি গভীরভাবে আবেগাপ্লুত হয়েছেন বলে জানান।


তারেক রহমান আরও লেখেন, লক্ষ-লক্ষ মানুষের একত্রে উপস্থিতি ও শ্রদ্ধা প্রমাণ করে যে বেগম খালেদা জিয়া শুধু তাঁর মা নন, অনেক দিক থেকে তিনি ছিলেন সমগ্র জাতির মা।


দেশি-বিদেশি শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধি, আন্তর্জাতিক কূটনীতিক ও উন্নয়ন সহযোগীদের সরাসরি উপস্থিতি এবং বিভিন্ন দেশের পক্ষ থেকে পাঠানো সমবেদনা বার্তা তাঁকে গভীরভাবে স্পর্শ করেছে।


পোস্টে তিনি তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ভাই আরাফাত রহমান কোকোকেও স্মরণ করেন। তারেক রহমান বলেন, আজ এত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তাঁর মনে হচ্ছে, ব্যক্তিগত শোকের গণ্ডি পেরিয়ে পুরো বাংলাদেশই তাঁর পরিবার হয়ে উঠেছে।


মায়ের রাজনৈতিক ও মানবিক উত্তরাধিকার বহনের অঙ্গীকার করে তিনি লেখেন, বেগম খালেদা জিয়া সারাজীবন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। সেই পথচলাকে এগিয়ে নেওয়ার জন্য তিনি একাগ্রতা ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন।


শেষে তারেক রহমান দোয়া করেন, আল্লাহ যেন তাঁর মায়ের রূহের মাগফিরাত দান করেন এবং তাঁর রেখে যাওয়া ভালোবাসা, ত্যাগ ও দেশপ্রেম থেকে জাতি যেন শক্তি ও ঐক্য খুঁজে পায়।