বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিতারেক রহমানের নির্দেশে মরহুম নিরব হোসেনের পরিবারের পাশে বিএনপি নেতৃবৃন্দ

তারেক রহমানের নির্দেশে মরহুম নিরব হোসেনের পরিবারের পাশে বিএনপি নেতৃবৃন্দ

favicon
ভোরের আলো ডেস্ক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শে মরহুম নিরব হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন দলের বরিশাল বিভাগীয় নেতৃবৃন্দ। এ সময় তাঁর পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়।


বুধবার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে ইন্তেকাল করেন বরিশালের নিরব হোসেন। তিনি জুলাই যুদ্ধাহত তাহসিন হোসেন নাহিয়ানের বাবা ছিলেন।


মর্মান্তিক এ মৃত্যুর খবর পেয়ে পটুয়াখালীর বাউফল উপজেলায় মরহুমের গ্রামের বাড়িতে ছুটে যান বিএনপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন এবং সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। তারা মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গভীর সমবেদনা প্রকাশ করেন।


এ সময় তারেক রহমানের পক্ষ থেকে মরহুম নিরব হোসেনের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। পাশাপাশি বিএনপির বরিশাল বিভাগীয় নেতৃবৃন্দ জুলাই যুদ্ধাহত তাহসিন হোসেন নাহিয়ানের চিকিৎসার সার্বিক দায়িত্ব গ্রহণের কথাও জানান।


এ ছাড়া মরহুম নিরব হোসেনের জানাজায় অংশ নেন বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।