বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিএনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীনের পদত্যাগ

এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীনের পদত্যাগ

favicon
ভোরের আলো ডেস্ক:
এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীনের পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে তিনি এনসিপির মিডিয়াবিষয়ক হোয়াটসঅ্যাপ গ্রুপে বিষয়টি জানান। পরে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাঠানো হয়।


পদত্যাগপত্রে মুশফিক উস সালেহীন উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর জনগণের মধ্যে যে তারুণ্যনির্ভর, মধ্যপন্থী ও ভবিষ্যৎমুখী নতুন রাজনৈতিক ধারার প্রত্যাশা তৈরি হয়েছিল, তা বাস্তবায়নের লক্ষ্যেই তিনি ব্যক্তিগত ও পেশাগত ঝুঁকি নিয়ে এনসিপিতে যোগ দেন। দীর্ঘমেয়াদে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার সংকল্প থেকেই তিনি দলটির সঙ্গে যুক্ত ছিলেন।


তবে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটে এনসিপির অন্তর্ভুক্ত হওয়ার সিদ্ধান্তের সঙ্গে তিনি নীতিগতভাবে একমত নন বলে জানান। তাঁর মতে, এই সিদ্ধান্ত জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং একটি অন্তর্ভুক্তিমূলক নাগরিক রাষ্ট্র নির্মাণের লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।


মুশফিক আরও বলেন, স্বল্পমেয়াদে ভোটের রাজনীতিতে কিছু লাভ হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে একটি মধ্যপন্থী, শক্তিশালী ও আত্মনির্ভরশীল বাংলাদেশপন্থী দল হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা এতে ক্ষুণ্ন হতে পারে। তিনি এককভাবে অথবা সংস্কারকেন্দ্রিক রাজনীতিতে বিশ্বাসী দলগুলোর সঙ্গে মিলিত হয়ে তৃতীয় জোট গঠনের পক্ষে ছিলেন এবং দলীয় সভাগুলোতে ধারাবাহিকভাবে সেই অবস্থান তুলে ধরেছেন।


পদত্যাগপত্রে তিনি দলের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চার ঘাটতি, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অস্বচ্ছতা এবং নতুন জোটসঙ্গীদের রাজনৈতিক অবস্থান ও সম্ভাব্য পরিণতির কথাও উল্লেখ করেন। এসব বিবেচনায় এনসিপির ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ ভিন্ন দিকে যাচ্ছে বলে তিনি মনে করেন।


তিনি বলেন, দলের এই সিদ্ধান্তের প্রতি যেসব সদস্য সমর্থন জানিয়েছেন, তাঁদের অবস্থানের প্রতি তিনি শ্রদ্ধাশীল। তবে বর্তমান বাস্তবতায় দলীয় পদে থেকে দায়িত্ব পালন করা তাঁর নৈতিক বিশ্বাস ও রাজনৈতিক দায়বদ্ধতার সঙ্গে সংগতিপূর্ণ নয়। এ কারণেই এনসিপির সব পদ ও দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মুশফিক উস সালেহীন।