বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার তিন আসনে বিকল্প প্রার্থীই দলের প্রার্থী হবেন: সালাহউদ্দিন আহমদ
প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তিনটি আসনে তার বিকল্প হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী হবেন। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এই তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন স্থগিত বা পেছানোর কোনো সুযোগ নেই। কারণ আইন অনুযায়ী, বাছাইয়ের আগেই তিনি আর নেই। তাই তার মনোনয়নপত্র বাছাইয়ের সময় বৈধ হিসেবে বিবেচিত হবে না।’
তিনি আরও বলেন, ‘স্বাভাবিকভাবেই খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হবে। তার তিনটি আসনে আমাদের বিকল্প প্রার্থীরা যদি বৈধভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন, তারা দলের প্রার্থী হবেন। এটাই আইনি নিয়ম।’
খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিলেন। অসুস্থতার কারণে এই তিন আসনে বিকল্প প্রার্থী মনোনীত করা হয়েছিল। ফেনী-১ আসনে বিকল্প প্রার্থী ছিলেন রফিকুল আলম মজনু, বগুড়া-৭ আসনে মোরশেদ আলম এবং দিনাজপুর-৩ আসনে সৈয়দ জাহাঙ্গীর আলম। খালেদা জিয়ার মৃত্যুর পর এসব আসনে তারা বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।
সালাহউদ্দিন আহমদ তারেক রহমানের মানসিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাকে শক্ত মনোবলের অধিকারী হতে হবে—জাতির স্বার্থে তাকে দৃঢ় থাকতে হবে।’