বুধবার , ২১ অক্টোবর ২০২৬
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › কেন্দুয়ায় ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

কেন্দুয়ায় ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

favicon
ভোরের আলো ডেস্ক:
কেন্দুয়ায় ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিপন মিয়া (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি একটি সংঘবদ্ধ চোরচক্রের সদস্য ছিলেন। তবে মৃত্যুর ঘটনায় গলাকেটে হত্যার সন্দেহও দেখা দিয়েছে।


শুক্রবার (২ জানুয়ারি) গভীর রাতে উপজেলার গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লভ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিপন মিয়া কালেঙ্গা গ্রামের মৃত মৌলা মিয়ার ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে কয়েকজনের একটি চোরচক্র বিদ্যাবল্লভ এলাকার একটি ফাঁকা স্থানে থাকা বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমার খুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় রিপন মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটি থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তার সহযোগীরা তাকে ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।


শনিবার (৪ জানুয়ারি) সকালে পথচারীরা ঘটনাস্থলের পাশে রিপন মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।


এলাকাবাসীর অভিযোগ, শীত মৌসুম এলেই এই এলাকায় বৈদ্যুতিক সরঞ্জাম চুরির ঘটনা বেড়ে যায়।


কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিপনের মৃত্যু হয়েছে। তবে মরদেহে গলাকাটার আলামত পাওয়া গেছে, যা থেকে ধারণা করা হচ্ছে—তার সহযোগীরাই তাকে হত্যা করে পালিয়ে যেতে পারে।


তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।