দেশে ‘মব কালচার’ চলছে, লেভেল প্লেয়িং ফিল্ড নেই: আনিসুল ইসলাম মাহমুদ
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে না জাতীয় পার্টি—এমন হুঁশিয়ারি দিয়েছেন দলটির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। চট্টগ্রামে দলের এক কর্মী অপহরণের অভিযোগ তুলে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
শনিবার (৩ জানুয়ারি) বিকেলে গুলশানে নিজ বাসভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আনিসুল ইসলাম মাহমুদ অভিযোগ করেন, দেশে বর্তমানে ‘মব কালচার’ চলছে। জাতীয় পার্টির নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। একই সঙ্গে পরিকল্পিতভাবে জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, নির্বাচন সামনে রেখে একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার কথা থাকলেও বাস্তবে সে ধরনের কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। বরং নির্বাচন থেকে সরে যেতে জাতীয় পার্টিকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে।
তবে এসব হুমকি দিয়ে জাতীয় পার্টিকে নির্বাচন থেকে দূরে রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির এই নেতা।