বুধবার , ২১ অক্টোবর ২০২৬
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › তুরাগতীরে খুরুজের জোড়ের দোয়ার মাধ্যমে শেষ হলো শুরায়ি নেজামের তিন দিনের আয়োজন

তুরাগতীরে খুরুজের জোড়ের দোয়ার মাধ্যমে শেষ হলো শুরায়ি নেজামের তিন দিনের আয়োজন

favicon
ভোরের আলো ডেস্ক:
তুরাগতীরে খুরুজের জোড়ের দোয়ার মাধ্যমে শেষ হলো শুরায়ি নেজামের তিন দিনের আয়োজন

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে ইজতেমা ময়দানে দোয়ার মাধ্যমে শেষ হয়েছে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের অধীনে আয়োজিত তিন দিনব্যাপী খুরুজের জোড়। দোয়া পরিচালনা করেন বাংলাদেশের তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি মাওলানা মোহাম্মদ জুবায়ের। আজ রবিবার (৪ ডিসেম্বর) সকাল ৮টা ২৮ মিনিটে দোয়া শুরু হয়ে ৮টা ৪৪ মিনিটে শেষ হয়।


শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ হাবিবুল্লাহ রায়হান কালের কণ্ঠকে জানান, খুরুজের জোড়ের দোয়ায় শরিক হতে সকালে ঢাকা, গাজীপুরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে ইজতেমা ময়দানে জড়ো হন।


তিনি বলেন, দোয়ায় প্রায় ৭২টি দেশ থেকে আসা ২ হাজার ৫০০ বিদেশি মেহমানসহ বাংলাদেশের বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। দোয়ার আগে আজ রবিবার বাদ ফজর পাকিস্তানের শীর্ষ মুরব্বি মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ সাহেব হেদায়েতি বয়ান করেন। বয়ান শেষে দোয়া শুরু হয়।


মোহাম্মদ হাবিবুল্লাহ রায়হান আরও জানান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, থাইল্যান্ড, দাগেস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফ্রান্স, কানাডা, বেলজিয়াম, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইতালি, জাপান, সৌদি আরব, তুরস্ক, কাতার, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, কুয়েত, ওমান, জর্ডান, তিউনিশিয়া, শ্রীলঙ্কা, নেপাল, কিরগিজস্তান, মিয়ানমার, জাম্বিয়া, মোজাম্বিক, সোমালিয়া, ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের বিদেশি মেহমানদের জামাত এবং বাংলাদেশের ৬৪ জেলা থেকে প্রায় ১ হাজার ৫০০ জামাত খুরুজের জোড় থেকে আল্লাহর পথে বের হয়েছে।


তিনি দাবি করেন, সাদপন্থীদের চক্রান্ত ও সরকারি প্রজ্ঞাপনের কারণে মূল মজমা বিভক্ত হয়ে অনেক জামাতকে নিজ নিজ জেলায় পাঠিয়ে দেওয়া হয়। ফলে প্রত্যাশার তুলনায় কম জামাত আল্লাহর রাস্তায় বের হতে পেরেছে।


সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ৫৯তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে ইজতেমার পূর্ব প্রস্তুতি হিসেবে জোড় ইজতেমা ও খুরুজের জোড় সম্পন্ন হয়েছে।


এদিকে ধর্মপ্রাণ মুসলমানরা চিল্লা বেঁধে দেশ-বিদেশে বিশ্ব ইজতেমার দাওয়াত নিয়ে বেরিয়ে পড়েছেন।