হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সম্পাদক মাহদী হাসানের জামিন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসান জামিন পেয়েছেন। রবিবার সকালে তাকে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সকাল সাড়ে ৮টায় আদালতে তোলা হলে সকাল ১০টায় তার জামিন শুনানি অনুষ্ঠিত হয়।
পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মাহদী হাসানকে গত শনিবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গতকাল সন্ধ্যা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী হবিগঞ্জ সদর মডেল থানার সামনে অবস্থান নেন। তারা রাতেই আদালত বসিয়ে মাহদী হাসানের জামিন শুনানির দাবি জানান। তবে রাতে আদালত না বসায় আজ সকালে তাকে আদালতে নেওয়া হয়।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মধ্যরাতে শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি এনামুল হাসানকে আটক করে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ। পুলিশের দাবি, এনামুল হাসান নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।
এনামুল হাসানকে আটকের পর তার মুক্তির দাবিতে গত শুক্রবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শায়েস্তাগঞ্জ থানা ঘেরাও করেন। এ সময় মাহদী হাসানের নেতৃত্বে একদল নেতাকর্মী থানার ওসির কক্ষে অবস্থান নেন বলে পুলিশ জানিয়েছে।