ঢাকায় তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে, দিনে বাড়ার আভাস আবহাওয়া অধিদপ্তরের
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা নেমে এসেছে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। তবে দিনের বেলায় ঢাকায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রবিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যেতে পারে। এ ছাড়া উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, দিনের তাপমাত্রা সাধারণত কিছুটা বৃদ্ধি পেতে পারে।
এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।