ডিবি পরিচয়ে জাতীয় নাগরিক পার্টির নেতা তৈয়বুর রহমানকে আটক করার অভিযোগ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাভার উপজেলার সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী তৈয়বুর রহমানকে ডিবি পরিচয়ে আটক করার অভিযোগ করেছেন দলের মুখ্য যুগ্ম সমন্বয়ক দিলশানা পারুল। তিনি জানিয়েছেন, শনিবার রাত থেকে তৈয়বুরকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
আসন্ন নির্বাচনে ঢাকা-১৯ আসনের প্রার্থী দিলশানা পারুল শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে জানান, তৈয়বুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভারের ফ্রন্টলাইনের সংগঠক এবং এনসিপির সাভারের বর্তমান নেতা। তিনি নিজের নমিনেশন প্রক্রিয়ার সময় দুপুরে তৈয়বুরের সঙ্গে ছিলেন। নমিনেশন বৈধ ঘোষণার পর তৈয়বুর উত্তরা চলে যায়।
দিলশানা পারুল দাবি করেন, “উত্তরা থেকে ডিবি পুলিশ তৈয়বুরকে আটক করেছে। কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য আমরা পাচ্ছি না। অবিলম্বে আমাদের জানাতে হবে।” তিনি আরও বলেন, “এভাবে হাসিনা আমলের মতো ডিবি পুলিশ ধরে নেওয়া চলতে পারে না।”
এ বিষয়ে ডিবি পুলিশের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।