শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে যুবক আহত
শরীয়তপুরের জাজিরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ব্যাপক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে জাবেদ শেখ (২০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
রোববার (৪ জানুয়ারি) সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের বুধাইরহাট বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য কুদ্দুস বেপারী এবং বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এর আগেও একাধিকবার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শনিবার রাতে বুধাইরহাট বাজারে কুদ্দুস বেপারীর সমর্থক মান্নান বেপারী ও জলিল মাদবরের সমর্থক নাসির বেপারীর মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে রোববার সকালে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ফের সংঘর্ষ শুরু হয়। এ সময় প্রায় দুই শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
সংঘর্ষে জাবেদ শেখ নামে এক যুবক গুরুতর আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তানভীর আহমেদ জানান, ককটেলের আঘাতে জাবেদ শেখের বাম হাতের কবজি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও তাঁর শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মদ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি এবং কাউকে আটক করা হয়নি।
তিনি আরও জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবর বর্তমানে বিস্ফোরকসহ একাধিক মামলায় কারাগারে রয়েছেন। অন্যদিকে কুদ্দুস বেপারী ৫ আগস্টের ঘটনার পর গ্রেফতার হয়ে জামিনে মুক্তি পান এবং বর্তমানে আত্মগোপনে রয়েছেন।