জুলাই হত্যাযজ্ঞের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের পক্ষে শুনানি আজ
জুলাই মাসে কারফিউ জারি করে সংঘটিত হত্যাযজ্ঞের মামলায় সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পক্ষে আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) শুনানি অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেলে তাদের আইনজীবীরা এ শুনানিতে অংশ নেবেন।
ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
সকাল ১০টার পর কড়া নিরাপত্তায় প্রিজনভ্যানে করে সালমান এফ রহমান ও আনিসুল হককে কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এর আগে মামলাটিতে অভিযোগ গঠনের শুনানি শেষে বিচার শুরুর আবেদন করে রাষ্ট্রপক্ষ। অভিযোগে বলা হয়, জুলাই মাসে কারফিউ জারি করে সংঘটিত হত্যাকাণ্ডে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর চাপ প্রয়োগে ভূমিকা রাখেন আনিসুল হক ও সালমান এফ রহমান।একই সঙ্গে গণভবনে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে হত্যাকাণ্ডে উসকানি দেওয়ার অভিযোগসহ তাদের বিরুদ্ধে মোট পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।
এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। পাশাপাশি আবু সাঈদ হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা চতুর্থ দিনের মতো সাক্ষ্য প্রদান করবেন।