চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় স্কুলছাত্রের গলা কাটা মরদেহ উদ্ধার
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নে নিখোঁজ হওয়ার পর এক স্কুলছাত্রের গলা কাটা মরদেহ পাওয়া গেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার পারুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড, হাজারীহাটের পূর্ব পাশে হাজারী বিলের বাঙ্গি ক্ষেত থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।
নিহত কিশোর মোহাম্মদ শাহেদ ইসলাম (১৭) পারুয়া ইউনিয়নের পূর্ব সাহাব্দী নগর মহতিপাড়া গ্রামের, দুবাই প্রবাসী মোহাম্মদ আব্দুল মোনাফের ছেলে। তিনি পারুয়া সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।
পরিবারের বরাতে জানা যায়, সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে শাহেদ বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। আত্মীয়-স্বজন ও বন্ধুদের সহায়তায় সম্ভাব্য সব জায়গায় খোঁজ করা হলেও তার সন্ধান মেলেনি। পরে রাতেই রাঙ্গুনিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পরবর্তী দিন স্থানীয়রা বাঙ্গি ক্ষেতে তার গলা কাটা মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং তদন্ত শুরু করেছে।