এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হলেন আসিফ মাহমুদ
অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগের পর জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দলটিতে যোগ দেওয়ার পর তাকে মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গঠিত এনসিপির ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’র প্রধান হিসেবেও দায়িত্ব পেয়েছেন তিনি।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আসিফ মাহমুদের দায়িত্ব ও কার্যপরিধি সম্পর্কে বিস্তারিত তথ্য জানায় এনসিপি। দলের আহ্বায়ক ও সদস্যসচিব স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ২৯ ডিসেম্বর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে তাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এনসিপির মুখপাত্র হিসেবে দলের একাধিক গুরুত্বপূর্ণ সেল ও সাংগঠনিক ইউনিট তার দায়িত্বের আওতায় থাকবে। এসবের মধ্যে রয়েছে—
মিডিয়া সেল, প্রচার ও প্রকাশনা সেল, ব্র্যান্ডিং সেল, দপ্তর সেল, জনসংযোগ ও সদস্য সংগ্রহ সেল, রিসার্চ ও পলিসি সেল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ইউনিট।