বুধবার , ২১ অক্টোবর ২০২৬
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › হাদি হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী বাপ্পি, ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট: ডিবি

হাদি হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী বাপ্পি, ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট: ডিবি

favicon
ভোরের আলো ডেস্ক:
হাদি হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী বাপ্পি, ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট: ডিবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পরিকল্পনাকারীর নাম প্রকাশ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে ডিবি জানায়, আওয়ামী লীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির পরিকল্পনায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।


ডিবির পক্ষ থেকে জানানো হয়, ওসমান হাদি হত্যা মামলায় মোট ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই হাদিকে হত্যা করা হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।


তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, শ্যুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তার সহযোগীকে পালাতে সহায়তা করেছিলেন বাপ্পি। বিভিন্ন স্থান থেকে সংগৃহীত সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং অস্ত্র ও গুলির ফরেনসিক পরীক্ষার মাধ্যমে অভিযুক্তদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।


অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ভিডিও বার্তা প্রসঙ্গে শফিকুল ইসলাম বলেন, ভিডিও বার্তা দেওয়া তার ব্যক্তিগত বিষয় হলেও তদন্তে তার বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ মিলেছে।


উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে একটি চলন্ত মোটরসাইকেল থেকে রিকশায় থাকা শরীফ ওসমান হাদির মাথায় গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।


পরবর্তীতে অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুল্যান্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। এ ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের পল্টন থানায় হত্যাচেষ্টার মামলা করেন। পরে হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।