পল্লবীতে দেশি-বিদেশি অস্ত্র ও মাদকসহ চার সন্ত্রাসী গ্রেপ্তার
রাজধানীর পল্লবী এলাকা থেকে দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র এবং মাদকসহ চারজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। গণ-অভ্যুত্থানের পর থানা থেকে লুট হওয়া বিদেশি অস্ত্র ব্যবহার করে এই চক্রটি এলাকায় মাদক কারবার, চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতিসহ নানা অপরাধে জড়িত ছিল বলে জানিয়েছে র্যাব।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে মিরপুর-১ এর পাইকপাড়ায় র্যাব-৪ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন কবির।
গ্রেপ্তাররা হলেন—মো. জুয়েল আরমান ওরফে হ্যাচকা আরমান (২৬), মো. রিপন কেনি (৩৫), মো. জাহিদ (২৭) এবং মো. আরমান হোসেন ওরফে বাবা আরমান (৩১)।
র্যাব কর্মকর্তা জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার ও শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তারে দেশব্যাপী সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে ৬ জানুয়ারি ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানার আরমান কমিউনিটি লার্নিং সেন্টারের পাশে একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালানো হয়।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড তাজা গুলি, চারটি দেশীয় অস্ত্র এবং ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করা হয়। র্যাব জানায়, উদ্ধারকৃত জাপানি তৈরি আধুনিক অস্ত্রটি আগে লাইসেন্সপ্রাপ্ত ছিল এবং ৫ আগস্টের পর থানায় জমা দেওয়া অস্ত্র লুটের ঘটনায় এটি হাতিয়ে নেওয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে এবং ২০১৭ সাল থেকে তাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মামলা চলমান। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।