মাঝারি শৈত্যপ্রবাহে নওগাঁয় জনজীবন বিপর্যস্ত, তাপমাত্রা নেমেছে ৬.৭ ডিগ্রিতে
মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে নওগাঁ। উত্তরের হিমেল বাতাস ও বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে জেলায় তীব্র ঠাণ্ডা অনুভূত হচ্ছে, যা স্বাভাবিক জনজীবনকে মারাত্মকভাবে ব্যাহত করেছে। প্রয়োজনীয় কাজ ছাড়া মানুষ ঘর থেকে বের হতে পারছে না, ফলে দিনমজুর ও খেটে খাওয়া মানুষের আয় কমে গেছে।
শীত থেকে বাঁচতে অনেকেই খড়কুটো ও কাঠ জ্বালিয়ে আগুন পোহানোর চেষ্টা করছেন। পাশাপাশি ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্যকর্মীরা।
বুধবার সকাল ৬টার দিকে নওগাঁ জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এটি চলতি বছরে এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
এর আগে মঙ্গলবার সকাল ৬টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৭ ডিগ্রি সেলসিয়াস।
বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, টানা তিন সপ্তাহ ধরে বিরূপ আবহাওয়ার প্রভাব জনজীবনে পড়ছে। বুধবার সকালে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা এ মৌসুমে সারা দেশের সর্বনিম্ন।
তিনি আরও জানান, নওগাঁ জেলায় বর্তমানে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।