বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিনির্বাচনকে সামনে রেখে তৎপর তারেক রহমান, উত্তরাঞ্চল সফর ও কূটনৈতিক তৎপরতা জোরদার

নির্বাচনকে সামনে রেখে তৎপর তারেক রহমান, উত্তরাঞ্চল সফর ও কূটনৈতিক তৎপরতা জোরদার

favicon
ভোরের আলো ডেস্ক:
নির্বাচনকে সামনে রেখে তৎপর তারেক রহমান, উত্তরাঞ্চল সফর ও কূটনৈতিক তৎপরতা জোরদার

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে নিয়মিত দলীয় নেতা-কর্মী, জোট শরিকদের শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি এবং বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করছেন তিনি। এসব বৈঠকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা কামনার পাশাপাশি নির্বাচন-পরবর্তী রাষ্ট্র পরিচালনা, অর্থনৈতিক সংকট উত্তরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে।


১৭ বছর নির্বাসিত জীবন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর এই প্রথম চার দিনের সফরে দেশের উত্তরাঞ্চলের ৯টি জেলা সফরে যাচ্ছেন তারেক রহমান। ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত এই সফরে তিনি টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট জেলা পরিদর্শন করবেন। সফরকালে তিনি মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ, জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করবেন। পাশাপাশি দিনাজপুরে তাঁর নানি তৈয়বা মজুমদারের কবর জিয়ারত এবং আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।


দলীয় সূত্র জানায়, ২২ জানুয়ারি থেকে তারেক রহমান আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণায় অংশ নেবেন। বিভাগীয় জনসভা ছাড়াও ঢাকার কয়েকটি আসনে ধানের শীষের প্রার্থীদের পক্ষে গণসংযোগে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। প্রয়াত মায়ের অনুসৃত পথ ধরে সিলেটে দুই সুফি সাধকের মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনি কার্যক্রম শুরু করবেন তিনি।


এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতারা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বাম দলগুলোর জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্ট, জামায়াতে ইসলামী, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, জমিয়ত, এবি পার্টি ও বাংলাদেশ লেবার পার্টির শীর্ষ নেতারা পৃথক বৈঠক করেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা এবং চীন ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। বৈঠকগুলোতে নির্বাচন ও নির্বাচন-পরবর্তী উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হয়।


এদিকে দলীয় সূত্রে জানা গেছে, প্রতীক বরাদ্দের আগেই তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান ঘোষণা করা হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর দলীয় প্রধানের পদ শূন্য হওয়ায় নির্বাচন কমিশনে দলীয় প্রধানের নাম জমা দেওয়ার প্রয়োজন রয়েছে। দলীয় গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগিরই এ ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।