টঙ্গীতে ফুটপাতের ডিমের দোকান থেকে ছিটকে পড়া গরম পানিতে শিশুর শরীর ঝলসে গেছে
টঙ্গীর কলেজ গেট এলাকায় ফুটপাতের একটি ডিমের দোকান থেকে ছিটকে পড়া ফুটন্ত গরম পানিতে ইয়াসিন (৬) নামে এক শিশুর শরীর ঝলসে গেছে। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা প্রায় ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত শিশু ইয়াসিন নেত্রকোনা জেলার মোহনগঞ্জ সদরের বাকির হোসেনের ছেলে। সে পরিবারের সঙ্গে টঙ্গী এলাকায় বসবাস করত।
পুলিশ জানায়, ফুটপাত দিয়ে পথচারী চলাচলের সময় হঠাৎ পাশের ডিমের দোকান থেকে ফুটন্ত গরম পানি ছিটকে ইয়াসিনের শরীরের ওপর পড়ে। এতে সে গুরুতরভাবে দগ্ধ হয়।
স্থানীয়রা দ্রুত আহত শিশুটিকে উদ্ধার করে নিকটবর্তী এশিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন খান বলেন, ঘটনার তদন্ত চলছে।