‘কঠিন সময়ে জাতির প্রত্যাশার কেন্দ্র তারেক রহমান’: মির্জা ফখরুল
দেশের কঠিন সময়ে সারা দেশের মানুষ বুকভরা প্রত্যাশা নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে তারেক রহমান এমন এক সময়ে নেতৃত্ব দিচ্ছেন, যখন জাতি একটি উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের আশা করছে।
শনিবার (১০ জানুয়ারি) সকালে বনানীর হোটেল শেরাটনে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের শুরুতে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি সাংবাদিক নেতাদের খোলামেলা আলোচনা করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহান মুক্তিযুদ্ধের শহীদদের এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে নিহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
মির্জা ফখরুল বলেন, দূর থেকে ডিজিটাল মাধ্যমে তারেক রহমান যে বক্তব্যগুলো দিয়েছেন, তাতে গোটা জাতি নতুন করে আশাবাদী হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই সুযোগ কাজে লাগিয়ে সত্যিকার অর্থেই একটি উদার গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব হবে।
তিনি আরও জানান, আজকের অনুষ্ঠানে তারেক রহমানই মূল বক্তব্য দেবেন। ঠাণ্ডাজনিত কারণে কণ্ঠে কিছুটা সমস্যা থাকলেও তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে আগ্রহী।