বিএনপি চালু করল ১৬৪৫৩ নম্বরের বিশেষ কল সেন্টার, তৃণমূলকে সরাসরি সংযুক্ত রাখার উদ্যোগ
নির্বাচন কার্যক্রমকে আরও সুচারুভাবে পরিচালনা করতে বিশেষ একটি কল সেন্টার চালু করেছে বিএনপি। শনিবার বিকেলে গুলশানের বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে এই কল সেন্টারের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি জানিয়েছে, এখন থেকে ১৬৪৫৩ নম্বরে ফোন করে নির্বাচন সংক্রান্ত যেকোনো তথ্য জানাতে পারবেন দলের নেতাকর্মীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, “দেশের যেকোনো প্রান্ত থেকে ১৬৪৫৩ নম্বরে ফোন করে নির্বাচন সংক্রান্ত যেকোনো সমস্যায় তৃণমূলের নেতাকর্মীরা আমাদের অফিসের সহযোগিতা নিতে পারবেন। তৃণমূলকে সরাসরি কেন্দ্রের সঙ্গে যুক্ত করতেই এই কল সেন্টার চালু করা হয়েছে।”
রিজভী আরও জানান, “নির্বাচনকালীন সময়ে তৃণমূলের নেতাকর্মীরা যেকোনো অভিযোগ এখানে তুলে ধরতে পারবেন, যার প্রেক্ষিতে কেন্দ্র থেকে সরাসরি ব্যবস্থা নেওয়া হবে।”
উদ্বোধনের পর কল সেন্টারে প্রথম কল করেন রুহুল কবীর রিজভী, এবং সেখানে দায়িত্বরত কর্মীদের সঙ্গে কথা বলেন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।