ভালোবাসা দিয়ে ভোট চাইব, দুর্নীতির রাজনীতি নয়: দেবীদ্বারে হাসনাত আব্দুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, তাঁর কোনো গুণ্ডাপাণ্ডা নেই এবং তাঁর পক্ষে ফোন করে কাউকে ভয়ভীতি দেখানোর মতো লোকও নেই। তিনি বলেন, ভালোবাসা দিয়েই মানুষের মন জয় করা হবে, প্রয়োজনে পায়ে ধরে ভোট ভিক্ষা চাওয়া হবে। চুরি ও দুর্নীতি করার চেয়ে কিংবা রাস্তার মাটি-ইট খাওয়ার চেয়ে ভিক্ষা করে ভোট চাওয়া অনেক বেশি সম্মানের।
রবিবার (১১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের ছৈয়দপুর বাজারে ভারতীয় আগ্রাসনবিরোধী পদযাত্রা ও গণসংযোগ শেষে এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। এর আগে ভোর ৫টা থেকে দিনব্যাপী বড়শালঘর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ, উঠান বৈঠক এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন হাসনাত আব্দুল্লাহ।
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই গণতন্ত্র শক্তিশালী হবে এবং মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত হবে। তিনি প্রশ্ন রাখেন—মানুষ কি দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ দেখতে চায় না? দেশের ছেলে-মেয়েরা কি সঠিকভাবে পড়াশোনা করে ভালো চাকরি পাক তা চায় না? স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন কি মানুষ চায় না? এসব চাইলে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে থাকতে হবে।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, জনগণ চাইলে কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। তাঁর ভাষায়, এবারের নির্বাচন হবে দুর্নীতি বন্ধ করার নির্বাচন, ঋণখেলাপিদের সংসদের বাইরে পাঠানোর নির্বাচন এবং চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ার নির্বাচন।
পদযাত্রায় উপজেলা জামায়াতে ইসলামী ও এনসিপির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক নারী অংশগ্রহণ করেন।