শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমআইন ও আদালতকুমিল্লা-১ ও ২ আসনের সীমানা পুনর্নির্ধারণ বহাল, হাইকোর্টের রায় স্থগিত

কুমিল্লা-১ ও ২ আসনের সীমানা পুনর্নির্ধারণ বহাল, হাইকোর্টের রায় স্থগিত

favicon
ভোরের আলো ডেস্ক:
কুমিল্লা-১ ও ২ আসনের সীমানা পুনর্নির্ধারণ বহাল, হাইকোর্টের রায় স্থগিত

কুমিল্লার দুটি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে নির্বাচন কমিশনের (ইসি) প্রকাশিত পুনর্নির্ধারিত সীমানাই আপাতত বহাল থাকছে।


রবিবার নির্বাচন কমিশন ও কুমিল্লা-২ আসনের এক স্বতন্ত্র প্রার্থীর আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন আদালত এই আদেশ দেন।


আদালতে ইসির পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ, জ্যেষ্ঠ আইনজীবী মুস্তাফিজুর রহমান খান ও আইনজীবী কামাল হোসেন মিয়াজী। রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এহসান এ সিদ্দিক। আর স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন ও আবদুল্লাহ আল মামুন।


২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাউদকান্দি ও তিতাস উপজেলা নিয়ে গঠিত ছিল কুমিল্লা-১ আসন এবং হোমনা ও মেঘনা উপজেলা নিয়ে ছিল কুমিল্লা-২ আসন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন গত বছরের ৪ সেপ্টেম্বর সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করে। এতে দাউদকান্দি ও মেঘনা উপজেলা নিয়ে কুমিল্লা-১ এবং হোমনা ও তিতাস উপজেলা নিয়ে কুমিল্লা-২ আসন নির্ধারণ করা হয়।


এই পুনর্নির্ধারণের বিরুদ্ধে হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনসহ ছয়জন হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানির পর গত বছরের ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট রুল দেন। পরে চূড়ান্ত শুনানি শেষে গত ৮ জানুয়ারি হাইকোর্ট সীমানা পুনর্নির্ধারণকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করে আগের সীমানা পুনর্বহালের নির্দেশ দেন।


এই রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন ও কুমিল্লা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এ এম মতিন আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন। শুনানি শেষে চেম্বার আদালত হাইকোর্টের রায় স্থগিত করেন।


আদেশের পর ইসির আইনজীবী সাংবাদিকদের জানান, গত ৪ সেপ্টেম্বর প্রকাশিত সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত গেজেটই বহাল রেখেছেন চেম্বার আদালত। ফলে পুনর্নির্ধারিত সীমানা অনুযায়ী কুমিল্লা-১ ও কুমিল্লা-২ আসনে নির্বাচন আয়োজন করতে আর কোনো আইনি বাধা নেই।