প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির চতুর্থ দিন আজ, ৭০টি আপিলের শুনানি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে করা আপিল শুনানির আজ চতুর্থ দিন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় নির্বাচন কমিশনে (ইসি) চতুর্থ দিনের শুনানি শুরু হয়েছে, যা বিকেল ৫টা পর্যন্ত চলবে।
আজকের দিনে ২১১ নম্বর থেকে ২৮০ নম্বর পর্যন্ত মোট ৭০টি আপিলের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসব আপিলে দেশের বিভিন্ন আসনের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের যুক্তি ও অবস্থান তুলে ধরবেন।
এর আগে আপিল শুনানির তৃতীয় দিনে নির্বাচন কমিশন ৭১টি আবেদনের নিষ্পত্তি করে। এর মধ্যে ৪১ জন প্রার্থীর আবেদন মঞ্জুর করা হয়, ২৫টি আবেদন বাতিল করা হয় এবং চারটি আবেদন পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষমাণ রাখা হয়।
তৃতীয় দিনের শুনানিতে কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও রাষ্ট্রসংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুমের প্রার্থিতা ফিরিয়ে দেয় ইসি। অন্যদিকে, দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থী এ কে এম ফজলুল হকের আপিল নামঞ্জুর করা হয়।