পূর্বাচল সরকারি প্লট মামলা: ১৮ আসামির রায় ২ ফেব্রুয়ারি ঘোষণা
রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর কন্যা টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা রায়ের জন্য আগামী ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার বিশেষ জজ-৪ আদালতের বিচারক রবিউল আলম রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষ করে রায় ঘোষণার দিন নির্ধারণ করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহ্মেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলাটি ২০২৫ সালের ১৩ জানুয়ারি দায়ের করা হয়। দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের অভিযোগ আনা হয়েছিল। পরে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, শেখ হাসিনা ও আরও ১৬ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে ২০২৫ সালের ১০ মার্চ চার্জশিটে মোট ১৮ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়।
বিচার চলাকালীন সময়ে ৩১ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেছেন। মামলার অন্যান্য উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মো. খুরশীদ আলম, তন্ময় দাস, মো. নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, পরিচালক কামরুল ইসলাম, উপ-পরিচালক নায়েব আলী শরীফ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মো. সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।