বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিগণভোটে ‘না’ জিতলে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে: নাহিদ ইসলাম

গণভোটে ‘না’ জিতলে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে: নাহিদ ইসলাম

favicon
ভোরের আলো ডেস্ক:
গণভোটে ‘না’ জিতলে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে: নাহিদ ইসলাম

বিএনপির দিকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি রাজনৈতিক দল গণভোটে ‘না’-এর পক্ষে প্রচারণা চালাচ্ছে। তাঁর মতে, গণভোটে ‘না’ জয়ী হলে পুরোনো ব্যবস্থাই বহাল থাকবে এবং এর মাধ্যমে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে। তাই কেউ যদি এনসিপিকে ভোট নাও দেন, তবুও গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।


মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে গণভোটের পক্ষে প্রচারণামূলক ভোটের গাড়ি উদ্বোধনকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম।


এ সময় উপস্থিত ছিলেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও সাবেক উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়াসহ দলের অন্যান্য নেতারা।


দলটির পক্ষ থেকে জানানো হয়, গণভোটের বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্রাথমিকভাবে একটি ভোটের গাড়ি চালু করা হয়েছে। পর্যায়ক্রমে গাড়ির সংখ্যা বাড়ানো হবে এবং এটি ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় প্রচারণা চালাবে।


নাহিদ ইসলাম আরও দাবি করেন, জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করবে এবং রাষ্ট্র সংস্কারে ভূমিকা রাখবে।


একই সঙ্গে তিনি অভিযোগ করেন, একটি দল বিভিন্ন ধরনের কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালাচ্ছে, কিন্তু সেই অর্থ কোথা থেকে আসবে—তা স্পষ্ট করছে না। তাঁর ভাষায়, হয় কর বাড়ানো হবে, নয়তো এসব সুবিধা দলীয় কর্মীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। অতীতে ১০ টাকায় চাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দেশকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, সস্তা প্রচারণার মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণা করা যাবে না।