জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ সময়ে ধৈর্য ও দায়িত্বশীলতার আহ্বান জামায়াত আমিরের
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে সর্বোচ্চ প্রজ্ঞা, ধৈর্য ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। তিনি কারো প্রতি কোনো ধরনের বিরূপ আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দলের নেতা-কর্মীদের উদ্দেশে এ বার্তা দেন। পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, বহু ত্যাগ ও কোরবানির পথ পেরিয়ে প্রিয় সংগঠন ও জাতি মহান আল্লাহ তায়ালার একান্ত অনুগ্রহে আজ এই পর্যায়ে এসে পৌঁছেছে।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সময়টি জাতীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সন্ধিক্ষণ। এ সময়ে আবেগ নয়, বরং বিচক্ষণতা ও ধৈর্যের সঙ্গে দায়িত্বশীল আচরণ করা সবার জন্য জরুরি।
জামায়াত আমির বলেন, তাঁদের একমাত্র লক্ষ্য হলো মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন। এ লক্ষ্য সামনে রেখে সবাই সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।