আপিলে প্রার্থিতা ফিরে পেলেন হাসিনা খান চৌধুরী, ময়মনসিংহ-৯ আসনে নির্বাচন করবেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী হাসিনা খান চৌধুরী। ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে শুনানি শেষে এ সিদ্ধান্ত দেওয়া হয়।
বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আপিল শুনানি শুরু হয়। স্থানীয় পর্যায়ে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছিল, সেই প্রার্থী ও তাঁদের প্রতিনিধিরা শুনানিতে অংশ নিচ্ছেন। এই শুনানি বিকেল ৫টা পর্যন্ত চলবে।
জানা গেছে, ময়মনসিংহ-৯ আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তাঁদের মধ্যে ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী, খেলাফত মজলিসের শামছুল ইসলাম রাহমানী, জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী বিডিপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সাইদুর রহমান, গণফোরাম থেকে লুৎফুর বারী হামীম এবং জাতীয় পার্টির হাসমত মাহমুদ তারিক।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন বিএনপির মনোনয়নবঞ্চিত মামুন বিন আব্দুল মান্নান, সাবেক সংসদ সদস্য খুররম খান চৌধুরীর স্ত্রী হাসিনা খান চৌধুরী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন পর্যটন লীগের সভাপতি এ আর খান এবং পিন্টু চন্দ্র বিশ্বসর্মা। যাচাই-বাছাইয়ের সময় ভোটারের শতকরা এক ভাগ সমর্থন সংক্রান্ত জটিলতার কারণে হাসিনা খান চৌধুরীসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
নির্বাচন কমিশনে গত ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি শেষ হয়। আপিল শুনানিতে কমিশন আজ হাসিনা খান চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় তিনি আবারও নির্বাচনী মাঠে ফিরলেন।
হাসিনা খান চৌধুরী ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে তিনবার এবং পাশের ঈশ্বরগঞ্জ আসনে একবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য খুররম খান চৌধুরীর স্ত্রী।