শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
হোম › রাজনীতি › ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না জাগপা মুখপাত্র রাশেদ প্রধান

ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না জাগপা মুখপাত্র রাশেদ প্রধান

favicon
ভোরের আলো ডেস্ক:
ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না জাগপা মুখপাত্র রাশেদ প্রধান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের জোটের অন্যতম শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান। ‘ঐক্যের বৃহত্তর স্বার্থে’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে এবং জোটের প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।


আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান রাশেদ প্রধান।


পোস্টে তিনি লেখেন, বৃহস্পতিবার রাত ৮টায় আসন সমঝোতাসহ বিভিন্ন বিষয়ে জোটের পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। এ সময় তিনি জোটভুক্ত দলগুলোর নেতাকর্মীদের প্রতি সংযম বজায় রাখার আহ্বান জানান এবং একে অপরের প্রতি অনাকাঙ্ক্ষিত আচরণ ও ভাষা ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ করেন।


রাশেদ প্রধান আরও জানান, ঐক্যের স্বার্থকে প্রাধান্য দিয়ে তিনি এবার ব্যক্তিগতভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন না। তবে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে এবং জোটের প্রার্থীদের সমর্থনে মাঠে থাকবেন। তিনি বলেন, ব্যক্তি রাশেদ প্রধানের চেয়ে রাজনৈতিক সমঝোতা ও ঐক্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।


এর আগে জাতীয় গণতান্ত্রিক পার্টির পক্ষ থেকে রাশেদ প্রধান পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া, আটোয়ারী) এবং পঞ্চগড়-২ (দেবীগঞ্জ-বোদা) আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। তবে হলফনামা সংক্রান্ত জটিলতার কারণে নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিল করে। পরে আপিলে তিনি প্রার্থিতা ফিরে পান।


এরই মধ্যে পঞ্চগড়-১ আসনে ১১ দলের জোটের পক্ষে নির্বাচন করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। এ আসনে জামায়াতের প্রার্থী ও জেলা আমির ইকবাল হোসাইন ইতোমধ্যে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।


অন্যদিকে পঞ্চগড়-২ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে বোদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. সফিউল্লাহ সুফি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।