শরিফ ওসমান হাদি হত্যা মামলা ফের তদন্তের নির্দেশ, ডিবির চার্জশিটে আদালতের অসন্তোষ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার মামলায় ডিবির দাখিল করা অভিযোগপত্রে অসন্তোষ প্রকাশ করেছেন আদালত। বাদীপক্ষের আপত্তি (নারাজি) শুনে মামলাটি পুনরায় তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ও মামলার বাদী আবদুল্লাহ আল জাবের অভিযোগপত্র পর্যালোচনার পর নারাজি আবেদন দাখিল করেন। শুনানি শেষে আদালত তার আবেদন মঞ্জুর করে মামলাটি নতুন করে তদন্তের আদেশ দেন।
এদিন বাদীপক্ষের হয়ে শুনানি করেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুকুল। তিনি আদালতে বলেন, ডিবির দাখিল করা অভিযোগপত্রে হত্যাকাণ্ডের মূল আসামি ও পরিকল্পনাকারীদের চিহ্নিত করা হয়নি। শুধু আনুষ্ঠানিকতা রক্ষার জন্য দায়সারা তদন্ত করে চার্জশিট দেওয়া হয়েছে, যাতে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটিত হয়নি।
শুনানি শেষে আদালত বিষয়টি আদেশের জন্য অপেক্ষমাণ রাখেন। পরে বিকেলে আদালত থেকে মামলাটি সিআইডির মাধ্যমে পুনরায় তদন্তের নির্দেশ আসে।
এর আগে গত সোমবার (১২ জানুয়ারি) মামলাটি একই আদালতে শুনানির জন্য ওঠে। সেদিন বাদীপক্ষ অভিযোগপত্র পর্যালোচনার জন্য দুই দিনের সময় চাইলে আদালত তা মঞ্জুর করেন এবং বৃহস্পতিবারকে অভিযোগপত্র গ্রহণের দিন নির্ধারণ করেন।