শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
হোম › রাজনীতি › ভোটারবান্ধব ও সহজ নির্বাচন ব্যবস্থার আহ্বান বিএনপির

ভোটারবান্ধব ও সহজ নির্বাচন ব্যবস্থার আহ্বান বিএনপির

favicon
ভোরের আলো ডেস্ক:
ভোটারবান্ধব ও সহজ নির্বাচন ব্যবস্থার আহ্বান বিএনপির

নির্বাচন প্রক্রিয়াকে আরও সহজ ও ভোটারবান্ধব করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।


তিনি বলেন, বিএনপি চায় দেশের সর্বোচ্চসংখ্যক ভোটার যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। সে লক্ষ্যেই নির্বাচন প্রক্রিয়া জটিল না করে সহজ করার অনুরোধ জানানো হয়েছে। নির্বাচন কমিশন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে আশ্বস্ত করেছে।


সালাহউদ্দিন আহমদ জানান, ভোটার স্লিপে প্রার্থীর মার্কা, ছবি অথবা দলের নাম না রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। তার মতে, ভোটার স্লিপে অন্তত প্রার্থীর মার্কা বা ছবি থাকলে ভোটারদের জন্য ভোট দেওয়া আরও সহজ হবে। নির্বাচন কমিশন চাইলে নিজ উদ্যোগেই এ ব্যবস্থা নিতে পারে বলেও তিনি উল্লেখ করেন।


পোস্টাল ব্যালট প্রসঙ্গে তিনি বলেন, দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালট ব্যবহারের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এ ক্ষেত্রে প্রতিটি নির্বাচনী এলাকায় যতজন প্রার্থী থাকবেন, শুধু তাদের নাম বা প্রতীক সংযুক্ত করে আলাদা পোস্টাল ব্যালট ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে। একই ব্যালট সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার পোস্টাল ব্যালট হিসেবে ব্যবহৃত হলে প্রক্রিয়া আরও সহজ হবে বলেও বিএনপির পক্ষ থেকে মত দেওয়া হয়েছে।


আলোচনায় বিএনপি কয়েকটি বিষয়ে উদ্বেগও প্রকাশ করেছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন কমিশন এসব বিষয় বিবেচনার আশ্বাস দিয়েছে।


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার নির্ধারিত সফর স্থগিত করেছেন। ওই সফরের উদ্দেশ্য নির্বাচনী প্রচারণা নয়, বরং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো ছিল বলে তিনি উল্লেখ করেন। নির্বাচন কমিশনের প্রতি সম্মান দেখিয়েই সফরটি স্থগিত করা হয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমদ।


তিনি অভিযোগ করেন, এ বিষয় নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের কিছু নেতা অসত্য বক্তব্য দিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন। এসব ব্যত্যয় চিহ্নিত করে নির্বাচন কমিশন দ্রুত ব্যবস্থা নেবে বলেও তিনি আশাবাদ প্রকাশ করেন।


এর আগে দুপুর ১২টা ৪০ মিনিটে সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসে। প্রতিনিধি দলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাবেক ভারপ্রাপ্ত নির্বাচন কমিশন সচিব ড. মোহাম্মদ জকরিয়া ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল উপস্থিত ছিলেন।