নির্বাচন ও গণভোটে ব্যাপক অংশগ্রহণ জরুরি: গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে শরফ উদ্দিন আহমদ চৌধুরী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগের কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। তিনি বলেছেন, গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমেই আগামী দিনের বাংলাদেশ কেমন হবে—তার একটি সুস্পষ্ট দিকনির্দেশনা নির্ধারিত হবে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচন ও গণভোটে সর্বোচ্চ সংখ্যক মানুষের অংশগ্রহণ এবং সচেতনভাবে সঠিক সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত জরুরি।
এই লক্ষ্য সামনে রেখে গাজীপুর সিটি কর্পোরেশন মাসব্যাপী ব্যাপক জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে বলে জানান তিনি। কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ, ব্যানার ও বিলবোর্ড স্থাপন, মাইকিং এবং ভ্রাম্যমাণ গাড়িতে ভিডিওচিত্র প্রদর্শনের মাধ্যমে ভোটারদের কাছে গণভোটের গুরুত্ব তুলে ধরা হচ্ছে। এসব কার্যক্রম সফল করতে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসানের সভাপতিত্বে এবং সচিব আমিন আল পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন।
তিনি বলেন, ভোটারদের নিরাপত্তা, ভোটকেন্দ্রের শৃঙ্খলা এবং ভোটগ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো অভিযোগ পাওয়া গেলে তা দ্রুত যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
মতবিনিময় সভায় গাজীপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। সাংবাদিকদের পক্ষে বক্তব্য দেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নাসির আহমেদ, মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ সরকার, দেলোয়ার হোসেন, আমিনুল ইসলামসহ অনেকে।