ইসলামী আন্দোলনের ঘোষণার পর জরুরি বৈঠকে জামায়াত
ইসলামী আন্দোলন বাংলাদেশের সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে শনিবার (১৭ জানুয়ারি) সকালে জরুরি বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকাল ৯টায় মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৈঠকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত রয়েছেন।
এর আগে বৃহস্পতিবার রাতে জামায়াত, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১০ দল ২৫৩টি আসনে সমঝোতায় পৌঁছানোর ঘোষণা দেয়। তখন জানানো হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আলোচনা এখনও চলমান রয়েছে।
তবে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলে এবং ২৬৮টি আসনে এককভাবে নির্বাচন করার ঘোষণা দেয়। পাশাপাশি অবশিষ্ট ৩২টি আসনে বিএনপি ও জাতীয় পার্টি ছাড়া সমমনা দলগুলোর প্রার্থীদের সমর্থনের কথা জানায় দলটি।
এই প্রেক্ষাপটেই রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্ব জরুরি বৈঠকে বসেছে বলে দলীয় সূত্রে জানা গেছে।