রবিবার , ৩০ আগস্ট ২০২৬
রবিবার , ৩০ আগস্ট ২০২৬
হোমরাজনীতিযুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে জামায়াত আমিরের ভার্চুয়াল বৈঠক, শুল্ক হ্রাস ও বাণিজ্য সম্প্রসারণে আলোচনা

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে জামায়াত আমিরের ভার্চুয়াল বৈঠক, শুল্ক হ্রাস ও বাণিজ্য সম্প্রসারণে আলোচনা

favicon
ভোরের আলো ডেস্ক:
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে জামায়াত আমিরের ভার্চুয়াল বৈঠক, শুল্ক হ্রাস ও বাণিজ্য সম্প্রসারণে আলোচনা

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, পারস্পরিক শুল্কহার হ্রাস এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।


গতকাল জামায়াতের মিডিয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ, একই অঞ্চলের পরিচালক এমিলি অ্যাশবি এবং জামায়াতের যুক্তরাষ্ট্র শাখার মুখপাত্র অধ্যাপক ড. মোহাম্মদ নাকিবুর রহমান উপস্থিত ছিলেন।


বৈঠকে রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার জানান, তিনি ব্যক্তিগতভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের জন্য পারস্পরিক শুল্কহার হ্রাসের বিষয়টি উত্থাপন করেছেন। আলোচনায় একটি প্রস্তাব উঠে আসে—বাংলাদেশের পোশাকশিল্পে যদি যুক্তরাষ্ট্রের শতভাগ তুলা অথবা দেশটিতে উৎপাদিত ‘ম্যানমেড ফাইবার’ ব্যবহার করা হয়, তাহলে ওই পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশেষ শুল্কসুবিধা পেতে পারে।


এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, এটি উভয় দেশের জন্য একটি ‘উইন-উইন’ সমাধান। তাঁর মতে, এর মাধ্যমে একদিকে বাংলাদেশের পোশাক রপ্তানি বাড়বে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কৃষি ও শিল্প খাতও লাভবান হবে।


আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, নির্বাচনে জয়ী হয়ে জামায়াত সরকার গঠন করলে এ ধরনের বাণিজ্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, বেসরকারি বিনিয়োগে ডিএফসি অর্থায়নের সুযোগ সৃষ্টি হলে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ দ্রুত সম্প্রসারণ সম্ভব হবে।


বৈঠকের শেষ পর্যায়ে ডা. শফিকুর রহমান রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং আশা প্রকাশ করেন, এ সফরের মাধ্যমে দুই দেশের পারস্পরিক বোঝাপড়া ও অংশীদারি আরও দৃঢ় হবে।