শনিবার , ২৯ আগস্ট ২০২৬
শনিবার , ২৯ আগস্ট ২০২৬
হোমরাজনীতিনাগরিক শোকসভায় দায়িত্ব পালনকালে সাংবাদিক লাঞ্ছনার অভিযোগ, বিএনপি বিটের সাংবাদিকদের নিন্দা

নাগরিক শোকসভায় দায়িত্ব পালনকালে সাংবাদিক লাঞ্ছনার অভিযোগ, বিএনপি বিটের সাংবাদিকদের নিন্দা

favicon
ভোরের আলো ডেস্ক:
নাগরিক শোকসভায় দায়িত্ব পালনকালে সাংবাদিক লাঞ্ছনার অভিযোগ, বিএনপি বিটের সাংবাদিকদের নিন্দা

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত নাগরিক শোকসভায় দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিক শারীরিক ও মৌখিকভাবে লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপি বিটে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।


প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে সময় টিভির বিশেষ প্রতিনিধি আহমেদ সালেহীন লাইভ সম্প্রচার করছিলেন। এ সময় আয়োজক কমিটির সদস্যসচিব সালেহ উদ্দিন উচ্চস্বরে ‘এখানে লাইভ হবে না’ বলে চিৎকার করেন এবং সালেহীনের কলার ধরে টেনে নিয়ে যান। অভিযোগ রয়েছে, এক পর্যায়ে তিনি সালেহীনের ওপর শারীরিক হামলা করেন। পরে সেখানে উপস্থিত বিএনপি নেতা ও সাংবাদিকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


এ ঘটনার পাশাপাশি গ্রীন টিভির এক রিপোর্টারসহ আরও কয়েকজন সাংবাদিকের সঙ্গেও সালেহ উদ্দিন আপত্তিকর ও অসৌজন্যমূলক আচরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।


বিএনপি বিটের সাংবাদিকদের মতে, সালেহ উদ্দিনের এ ধরনের অপেশাদার, উদ্ধত ও অগ্রহণযোগ্য আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা প্রশ্ন তুলেছেন, এ ধরনের উগ্র মানসিকতার ব্যক্তিকে এত বড় একটি আয়োজনের দায়িত্ব দেওয়া কতটা যুক্তিযুক্ত—সে বিষয়টি বিএনপির ভেবে দেখা প্রয়োজন।


এক যৌথ বিবৃতিতে সাংবাদিকরা আরও বলেন, এর আগেও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনসংক্রান্ত সংবাদ সংগ্রহে মিডিয়া কার্ড সংগ্রহ এবং সম্প্রতি একটি হোটেলে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে। এসব ঘটনায় বারবার বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে, যা কোনোভাবেই কাম্য নয় বলে তারা মন্তব্য করেন।