ওসমানীনগরে তিন বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত ১০
সিলেটের ওসমানীনগরে ঢাকা–সিলেট মহাসড়কে তিনটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার সোয়ারগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম ভূঁইয়া জানান, সকালে সিলেট থেকে ঢাকাগামী দুটি বাসের সঙ্গে গাইবান্ধা থেকে সিলেটগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং আরও কয়েকজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।