শনিবার , ২৯ আগস্ট ২০২৬
শনিবার , ২৯ আগস্ট ২০২৬
হোমরাজনীতিষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যাবে না: তারেক রহমান

ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যাবে না: তারেক রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যাবে না: তারেক রহমান

কোনো ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপিকে দমন করে রাখা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেড় দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে গুম, খুন, নির্যাতন ও হয়রানির শিকার হলেও বিএনপির কোনো নেতাকর্মী রাজপথ ছাড়েননি। একজন ভাই গুম হয়েছেন, আরেক ভাই আবার আন্দোলনে নেমেছেন—কৌশলের নামে কখনো গোপনে বা সুপ্ত অবস্থানে যাননি দলের কর্মীরা।


তারেক রহমান বলেন, যেসব দলের নেতাকর্মীরা এতটা আপসহীন ও দৃঢ়চেতা, সেই দলকে ষড়যন্ত্র করে দমন করা সম্ভব নয়। ইনশা-আল্লাহ, বিএনপিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না।


শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের নিয়ে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’-এর আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনাসভায় এসব কথা বলেন তিনি।


বিএনপি চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন এবং বহু নেতাকর্মী গুম হয়েছেন। এসব গুম হওয়া ব্যক্তিদের অনেক পরিবারের সদস্য আজও অপেক্ষায় রয়েছেন। তিনি জানান, ওই সময়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দেড় লক্ষেরও বেশি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা দায়ের করা হয়, যার বোঝা প্রায় ৬০ লক্ষ নেতাকর্মীকে বহন করতে হয়েছে। লক্ষাধিক নেতাকর্মীকে বছরের পর বছর ঘরবাড়ি ছেড়ে পালিয়ে থাকতে হয়েছে।


তারেক রহমান আরও বলেন, দীর্ঘদিন তাঁকে নিজ দেশ, স্বজন ও সাধারণ মানুষের কাছ থেকে দূরে থাকতে হয়েছে। গুম ও নির্যাতনের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য দূর থেকে যতটা সম্ভব চেষ্টা করেছেন। সীমাবদ্ধতা থাকলেও আন্তরিকতার ঘাটতি ছিল না এবং ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


তিনি বলেন, ভয়াবহ সেই দিন ও রাতের অবসান ঘটেছে এবং বাংলাদেশ এখন গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। যারা আপনজন হারিয়েছেন, তাদের কষ্টের গভীরতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। অনেক সন্তান আজও বাবার অপেক্ষায় আছে—হয়তো কোনো একদিন হঠাৎ দরজায় কড়া নাড়বে গুম হয়ে যাওয়া বাবা, কিংবা হারিয়ে যাওয়া সন্তান এসে মাকে ডাকবে। এই বেদনাই দেশের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে দুঃসহ অধ্যায় বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান।