শনিবার , ২৯ আগস্ট ২০২৬
শনিবার , ২৯ আগস্ট ২০২৬
হোমরাজনীতিশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির দুই দিনের কর্মসূচি ঘোষণা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির দুই দিনের কর্মসূচি ঘোষণা

favicon
ভোরের আলো ডেস্ক:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির দুই দিনের কর্মসূচি ঘোষণা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে দুই দিনের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ১৯ ও ২০ জানুয়ারি রাজধানীসহ সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটি।


শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এসব কর্মসূচির ঘোষণা দেন।


কর্মসূচির প্রথম দিন, সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে। রুহুল কবীর রিজভী জানান, এ সময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন। পাশাপাশি ওই দিন দেশব্যাপী দলীয় কার্যালয়গুলোতে আলোচনাসভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হবে।


দ্বিতীয় দিন, মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে বিএনপির সিনিয়র নেতাদের পাশাপাশি দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখবেন।


সংবাদ সম্মেলনে রুহুল কবীর রিজভী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের স্থপতি এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি এই দুই দিনের কর্মসূচি গ্রহণ করেছে। তিনি আরও জানান, ১৯ জানুয়ারি মাজারে শ্রদ্ধা নিবেদনের সময় দলের চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থেকে নেতাকর্মীদের উজ্জীবিত করবেন।


এ ছাড়া জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বাইরে জেলা ও মহানগর পর্যায়ে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিজ নিজ সুবিধা অনুযায়ী আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করবে বলেও জানান রিজভী।