সরকার গঠন করতে পারলে গুম-খুনের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়াবে বিএনপি: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠন করতে পারলে গুম ও খুনের শিকার পরিবারগুলোর পাশে দৃঢ়ভাবে দাঁড়ানো হবে। পুনর্বাসন, সামাজিক মর্যাদা ও ন্যায্য স্বীকৃতি নিশ্চিত করতে দলটি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত এক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন। ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’-এর যৌথ উদ্যোগে সভাটির আয়োজন করা হয়।
রিজভী বলেন, আগামী দিনে জনগণের ইচ্ছায় বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে এসব পরিবারকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে পুনর্বাসন ও সামাজিক প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, দেশের জন্য ও দলের জন্য গুম-খুনের শিকার পরিবারগুলোর ত্যাগের কোনো প্রতিদান দেওয়া সম্ভব নয়। হারিয়ে যাওয়া সন্তানদের আত্মত্যাগ ও রক্তাক্ত স্মৃতি উপেক্ষা করে কোনো রাজনৈতিক সাফল্য টেকসই হতে পারে না। গণতন্ত্র প্রতিষ্ঠার ভিত গড়ে উঠেছে এই ত্যাগের ওপর।
রিজভী বলেন, ৪৪ বছর ধরে যাকে দমন করা যায়নি, যাঁর মাথা নত করা যায়নি, সেই নেত্রী আজ আমাদের মাঝে নেই। তবে তাঁর আদর্শের পতাকা এখন তারেক রহমান বহন করছেন। এই পতাকা যেন কখনো নুয়ে না পড়ে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতে হবে। কারণ এই জাতি রক্তঋণে আবদ্ধ, সেই ঋণ পরিশোধ করতেই হবে।
মতবিনিময়সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, হুম্মাম কাদের চৌধুরী, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ দলের নেতাকর্মী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।